হালনাগাদ হুয়াওয়ে ফোনে চলবে না গুগল অ্যাপ

২২ ফেব্রুয়ারি, ২০২০ ১২:৪৪  
হুয়াওয়ের নতুন ডিভাইসে চলবে না জিমেইল, ম্যাপস, ইউটিউব, প্লে স্টোরের মতো গুগলের জনপ্রিয় অ্যাপ। তবে বিদ্যমান ডিভাইসগুলোতে সুরক্ষাসহ হালনাগাদ সেবা দেয়া অব্যাহত থাকবে। গুগল থেকে প্রকাশিত এক নিবন্ধে এমনটাই জানিয়েছেন অ্যান্ড্রয়েড ও গুগল প্লের আইনি পরিচালক ট্রিস্টান অসতরস্কি। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রকাশিত ওই নিবন্ধে তিনি বলেন, “যত দিন পর্যন্ত আইনি বাধ্যবাধকতা থাকবে, তত দিন পর্যন্ত হুয়াওয়ের ডিভাইস ব্যবহারকারীরা গুগলের কাছ থেকে সেবা পাবেন। ২০১৯ সালের ১৬ মে এর আগপর্যন্ত যেসব হুয়াওয়ে ডিভাইস বাজারে এসেছে, সেগুলোর ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে। তবে এরপর যেসব নতুন হ্যান্ডসেট বাজারে এসেছে, সেগুলো ‘আনসার্টিফায়েড’ বা সনদবিহীন হিসেবে বিবেচনা করবে গুগল।” তিনি জানান, নতুন ডিভাইস মডেলে হুয়াওয়ের সঙ্গে গুগলের কাজে নিষেধাজ্ঞা থাকায় গুগলের জনপ্রিয় অ্যাপগুলো হুয়াওয়ে স্মার্টফোন প্রিলোড করা থাকবে না। একইসঙ্গে এসব ডিভাইসে গুগলের অ্যাপ ডাউনলোড করা যাবে না। কোনে ফোনে গুগল অ্যাপ চলবে তা পরীক্ষা করতে অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগল প্লে স্টোর অ্যাপ চালু করতে হবে। সেখানে মেন্যু থেকে সেটিংসে গিয়ে ‘প্লে প্রটেক্ট সার্টিফিকেশন’ থেকে জানা যাবে স্মার্টফোনটি গুগল সার্টিফায়েড কি না।